বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

একুশে পদক মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৪০ পিএম

একুশে পদক মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান

প্রধানমন্ত্রীকে গোলাপ দিচ্ছেন শফিক রেহমান

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদানের মঞ্চে আজ এক বিরল ও নস্টালজিক মুহূর্তের সৃষ্টি হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ২০২৬ গ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনটি লাল গোলাপ উপহার দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। 

বৃহস্পতিবার দুপুরে পদক গ্রহণের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে তিনি নিজের পকেট থেকে ফুলগুলো বের করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল মুখে আন্তরিকতার সঙ্গে উপহারটি গ্রহণ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান।

শফিক রেহমানের এই ব্যতিক্রমী ভঙ্গি অনুষ্ঠানস্থলে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্য ও বিশিষ্ট সুধীজনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। মূলত নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে তাঁর উপস্থাপিত জনপ্রিয় অনুষ্ঠান লাল গোলাপের মাধ্যমেই এই ফুলটি তাঁর পরিচয়ের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে ওঠে। 

১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেই অনুষ্ঠানের স্মৃতিই যেন আজ রাষ্ট্রীয় এই সর্বোচ্চ পদক প্রদানের মঞ্চে নতুন করে ফিরে এল। সাংবাদিকতায় দীর্ঘদিনের সাহসী ও নিষ্ঠাবান অবদানের জন্য এবার সরকার তাঁকে এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছে।এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আরও বেশ কয়েকজন গুণীজনকে পুরস্কৃত করা হয়েছে। চলচ্চিত্রে বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার এবং স্থাপত্যে মেরিনা তাবাশ্যুমের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। 

এছাড়া সংগীতে প্রখ্যাত শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ এবারের তালিকায় রয়েছেন। প্রথমবারের মতো জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজকেও সংগীতের জন্য এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।