ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:০১ পিএম
রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি রাজারবাগ পুলিশ লাইনসের এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে গত বুধবার সকালে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. আলী হোসেন ফকির পুলিশের পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
পুলিশের ঐতিহ্য রক্ষা এবং বাহিনীর মনোবল বৃদ্ধিতে তাঁর এই নিয়োগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে নতুন আইজিপি আগামীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন