বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ডিএমপি কমিশনারের নতুন দায়িত্ব পেলেন মো. সরওয়ার

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪০ পিএম

ডিএমপি কমিশনারের নতুন দায়িত্ব পেলেন মো. সরওয়ার

ডিএমপি কমিশনার মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত সংস্থাটির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 

অ্যাডিশনাল ডিআইজি শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ডিএমপিতে স্থায়ী কোনো কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত সুপারনিউমারারি অতিরিক্ত আইজি মো. সরওয়ার এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিএমপির ৩৮তম কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও আগামী নভেম্বর মাস পর্যন্ত তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হওয়া সাজ্জাত আলীকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুনর্বহাল করে গত বছরের ২০ নভেম্বর ডিএমপি প্রধানের দায়িত্ব দিয়েছিল। 

তার আকস্মিক বিদায়ের পর রাজধানীর নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে দ্রুততম সময়ের মধ্যে সরওয়ার আলমকে দায়িত্ব দেওয়া হলো।বিসিএস পুলিশ ক্যাডারের দক্ষ কর্মকর্তা মো. সরওয়ার এর আগে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

রাজধানীতে যানজট নিরসনে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। ডিএমপির বিশেষ শাখা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ এই কর্মকর্তার ওপর আপাতত রাজধানীর আইন-শৃঙ্খলার ভার ন্যস্ত করল সরকার। পরবর্তী পূর্ণাঙ্গ নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।