বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে বড় রদবদল করল সরকার

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:১৪ পিএম

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে বড় রদবদল করল সরকার

সেনাবাহিনীতে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদরের এক আদেশে শীর্ষ পর্যায়ের ৬ জন সেনা কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। সেনা সদরের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। গত ২২ ফেব্রুয়ারি ৬ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করার মাত্র চার দিনের ব্যবধানে আবারও এই রদবদল সম্পন্ন হলো। 

বর্তমান প্রশাসনিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর চেইন অব কমান্ড এবং কার্যক্রমে গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্বরত লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে। 

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়াও সেনা সদরের বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট এবং ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।

 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি আরও ৬ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়। সেই রদবদলে চিফ অব জেনারেল স্টাফ পদে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। পরপর এই দুই দফার রদবদলে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্বের বিন্যাসে বড় ধরনের পরিবর্তন এলো।