ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৩৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত এই গণভোটে হ্যাঁ ও না উভয় ভোটের সংখ্যা হ্রাস পেয়েছে। এই সংশোধনীর পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে নতুন করে একটি অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটের মাধ্যমে সংশোধিত তথ্যগুলো জনসমক্ষে আনা হয়।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই ভোট গ্রহণ করা হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটের প্রথম প্রকাশিত গেজেটে হ্যাঁ ভোটের সংখ্যা দেখানো হয়েছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০টি।
তবে সংশোধিত গেজেটে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টিতে। অর্থাৎ আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি হ্যাঁ ভোট হ্রাস পেয়েছে।একইভাবে না ভোটের সংখ্যাও আগের তুলনায় কমেছে। প্রথম গেজেটে না ভোটের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি থাকলেও সংশোধিত তালিকায় তা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টিতে নেমে এসেছে। এর ফলে না ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি।
তবে একটি বিষয় লক্ষণীয় যে বৈধ ভোটের সংখ্যা কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাতিলকৃত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি।সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে গণভোটে মোট প্রদত্ত ভোটের সংখ্যা আগের তুলনায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে। বর্তমানে সব মিলিয়ে প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি।
এর মধ্যে বাতিল ভোট বাদ দিলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন। নির্বাচন কমিশন এই ফলাফল সংশোধনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। বিজ্ঞপ্তিতে কেবল জানানো হয়েছে যে কমিশনের আদেশক্রমেই এই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটের মাধ্যমেই মূলত জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা যাচাই করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন