বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার

জাতীয় ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০১:১৯ পিএম

৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার

নারীদের জন্য বিশেষ বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে ঢাকার রাস্তায় নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস সার্ভিস চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নারীদের যাতায়াত সমস্যা। বর্তমান গণপরিবহন ব্যবস্থায় নারীরা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন। 

তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার পরিবেশবান্ধব ও আধুনিক ইলেকট্রিক বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বাস সার্ভিসের একটি বিশেষ দিক হলো, এর চালক হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হবে। 

এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।ঢাকার তীব্র যানজট নিরসন ও যাত্রীসেবার মানোন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, মেট্রোর তুলনায় মনোরেল স্থাপন অধিকতর সাশ্রয়ী এবং এটি শহরের নির্দিষ্ট রুটে দ্রুত যাতায়াতের জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম হতে পারে। সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে পরিবহন ব্যবস্থাকে আরও সহজলভ্য করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া দেশের আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ভবিষ্যতে উচ্চগতির বা হাই-স্পিড ট্রেন সার্ভিস চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। দীর্ঘ দূরত্বের পথ আরও দ্রুততম সময়ে পাড়ি দেওয়া এবং পণ্য পরিবহন সহজতর করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহন খাতের এই আধুনিকায়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রধানমন্ত্রী পরিবহন খাতের এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।