মার্চ ৩, ২০২৬, ১০:৩০ এএম
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। মঙ্গলবার রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা সফরকালে তিনি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নীতিনির্ধারকদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে পল কাপুরের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর পর মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন পল কাপুর। তবে তার মূল সরকারি কর্মসূচি শুরু হবে ৪ মার্চ সকালে। ঐ দিন তিনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের সাথে দফায় দফায় বৈঠক করবেন।
কর্মসূচির অংশ হিসেবে তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে পৃথকভাবে আলোচনা করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। এছাড়া ঐ দিন সন্ধ্যায় তিনি একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ে অংশ নেবেন।সফরের শেষ দিন অর্থাৎ ৫ মার্চ বৃহস্পতিবার পল কাপুর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।
এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে। ঐ দিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষ করে ঐ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের কাজের ক্ষেত্র ও ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণে এই সফর বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের বার্তা এই সফরে স্পষ্ট হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন