বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

জাতীয় ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১১:৫৮ এএম

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

রিয়াদে বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতে দেওয়া এই বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের দেওয়া প্রতিটি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের শান্ত থাকতে এবং যেকোনো ধরনের গুজব এড়িয়ে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। 

মূলত রিয়াদে সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বিশেষ সতর্কবার্তা হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রবাসীরা যেন সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করেন। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া এ ধরনের সংবেদনশীল সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার, শেয়ার, লাইক কিংবা কমেন্ট করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে, যা প্রবাসীদের জন্য বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে।

যারা আকাশপথে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য বিজ্ঞপ্তিতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা ও সময়সূচি নিশ্চিত হওয়ার অনুরোধ করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য দূতাবাসের তিনটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। 

কূটনৈতিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইংয়ের জন্য ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য ৮০০১০০০১২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের এই নির্দেশনাগুলো প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।