বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

জাতীয় ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১২:৫৪ পিএম

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

কবি জাহানারা আরজু

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহানারা আরজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুপ্রিম কোর্টের গণমাধ্যম কর্মকর্তা মো. শফিকুল ইসলাম কবির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাহানারা আরজু ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের মা। তার স্বামী মরহুম এ কে এম নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ১৯৩২ সালের ১৭ নভেম্বর মানিকগঞ্জের জাবরা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করা জাহানারা আরজু বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। 

তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘সুলতানা’র প্রতিষ্ঠাকালীন সম্পাদক হিসেবে নারী সাংবাদিকতার অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেন।বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তাকে তৎকালীন সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত করা হয়। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি প্রায় ২৬টি গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করা এই কবির প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ১৯৪৫ সালে অবিভক্ত বাংলার ‘আজাদ’ পত্রিকায়। প্রকৃতির সৌন্দর্য, মাটি, মানুষ ও সমাজের নানা সংগতি-অসংগতি তিনি তার লেখনীতে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার প্রয়াণে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।