বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৩:৪৪ পিএম

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার

মির্জা ফখরুল ও প্রণয় ভার্মা

বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ব্যবস্থার আধুনিকায়নে ভারতের পক্ষ থেকে জোরালো সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। 

বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে। তিনি উল্লেখ করেন, "স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত।

 প্রণয় ভার্মা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কারিগরি ও কৌশলগত সহযোগিতা দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতায় নিয়ে যাবে।বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। 

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কারিগরি ও কৌশলগত সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিবেশী দেশের এই অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত ফলপ্রসূ হবে। দুই দেশের উন্নয়ন অংশীদারিত্বের নতুন নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।