বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফ্যামিলি কার্ড এখন সাধারণ মানুষের বড় শক্তি: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

মার্চ ১০, ২০২৬, ০১:২৪ পিএম

ফ্যামিলি কার্ড এখন সাধারণ মানুষের বড় শক্তি: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড বিতরণ করছেন মন্ত্রী :ছবি-দিনাজপুর টিভি

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মাথায় সাধারণ মানুষের সুবিধার্থে এই কার্ড বিতরণ শুরু করেছে এবং পর্যায়ক্রমে প্রতিটি ঘরে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, এটি সাধারণ মানুষের এক অনন্য শক্তি বা ক্ষমতা। এর মাধ্যমে নাগরিকরা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা লাভ করবেন যা সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করবে। বিশেষ করে নারীদের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের ফলে পরিবারে নারীদের গুরুত্ব বাড়বে। 

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে এবং আগামী ১৬ তারিখ থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে। বর্ষার পানি সংরক্ষণ করে খরা মৌসুমে ব্যবহারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা সাশ্রয়ী মূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন।

বিগত ১৫ বছরের অপশাসনের সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও টাকার বিনিময়ে নাগরিক সুবিধা ভোগ করতে হয়েছে। বর্তমান সরকার কোনো প্রকার বিনিময় ছাড়াই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, কেউ কার্ড থেকে বঞ্চিত হবেন না এবং এই কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। জনগণের শক্তির কাছে কোনো অপশক্তিই টিকতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের ভালোবাসার ঋণ শোধ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। ২০২৭ সাল থেকে প্রস্তাবিত মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ দ্রুতই ত্বরান্বিত হবে। যুবসমাজের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।