মার্চ ১১, ২০২৬, ০১:২৭ পিএম
সারা দেশে চলমান জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার ১১ মার্চ এক আনুষ্ঠানিক বার্তায় সংস্থাটি রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করার এই সিদ্ধান্ত জানায়।
মূলত বিভাগীয় শহরগুলোতে তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতেই বিপিসি তাদের পূর্ববর্তী নির্দেশনায় এই সংশোধন এনেছে।বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে জ্বালানি তেলের সরবরাহ হ্রাসের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
এর ফলে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পগুলো আগের তুলনায় ১০ শতাংশ বেশি তেল সংগ্রহ করতে পারবে। সংস্থাটি জানায় যে বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সমুন্নত রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।
প্রতিটি ফিলিং স্টেশনের জন্য নির্ধারিত নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী এখন থেকে তেল সরবরাহ করা হবে।বিপিসির এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংস্থাটির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন তেলের বরাদ্দ বাড়ানোর এই উদ্যোগের ফলে বাজারে তৈরি হওয়া অস্থিরতা কমবে এবং যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিপিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন