মার্চ ১৫, ২০২৬, ১১:৫৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ বেলা ১১টা থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে। সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকা ও জাতীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে লিখিত ও সম্পূরক প্রশ্ন করছেন। মূলত শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমাজকল্যাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আজ বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনে শুরু থেকেই সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
প্রশ্নোত্তর পর্ব শেষে সদস্যদের মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তি করা হবে এবং এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে।জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সাধারণত বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও আজকের অধিবেশনটি নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টা থেকে শুরু হয়েছে।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে যা সংসদীয় কার্যক্রমকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রায় ৫০ ঘণ্টা সময় আলোচনার জন্য বরাদ্দ রাখা হয়েছে যা অধিবেশনের পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে সম্পন্ন হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন