বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জ্বালানি তেলের শৃঙ্খলা ফেরাতে ডিসিদের ৯ নির্দেশনা

জাতীয় ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ০৮:০৪ পিএম

জ্বালানি তেলের শৃঙ্খলা ফেরাতে ডিসিদের ৯ নির্দেশনা

ডিসিদের ৯ নির্দেশনা

দেশের জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) ৯টি বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা প্রদান করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সকল জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মূলত জ্বালানির অবৈধ মজুতদারদের রোধ এবং বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতেই এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করা এবং ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা তেলের সরবরাহ নিশ্চিত করা। প্রতিমন্ত্রী ডিসিদের নির্দেশ দিয়েছেন পেট্রোল পাম্প ডিলার ও ডিরেক্ট কাস্টমারদের সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি নজরদারি করতে। 

কোনো এলাকায় পেট্রোল পাম্প বন্ধ রাখা হলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ডিপোর হিসাবের সঙ্গে তা মিলিয়ে দেখার কথা বলা হয়েছে। এ ছাড়া তেলের অবৈধ মজুতদারি ও জ্বালানি পাচার বন্ধ করতে মাঠ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিদের ক্ষমতা প্রদান করা হয়েছে।

জনগণের দুর্ভোগ কমাতে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে জেলা প্রশাসনকে কিছু কার্যকর পদক্ষেপ নিতে বলেন। বিশেষ করে বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখা এবং দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখার মতো নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এর আগে প্রতিমন্ত্রী পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গেও এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে নেতারা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।