শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন

জাতীয় ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ১১:৪৪ এএম

প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন

ক্রীড়া কার্ডের উদ্বোধন

বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরাসরি সরকারি বেতনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন যুগের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সরকারি পর্যায়ে ক্রীড়াবিদদের জন্য এমন নিয়মিত আর্থিক সুবিধা প্রদানের ঘটনা দেশে এটিই প্রথম।প্রাথমিক পর্যায়ে ১২৯ জন কৃতি ক্রীড়াবিদকে এই ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। 

বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের বিশেষ সম্মাননাও প্রদান করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর অধীনে নিয়ে আসার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। তবে এই আর্থিক সুবিধা নিয়মিত পাওয়ার ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে। 

যেসব ক্রীড়াবিদ এই বেতনের আওতায় আসবেন, তাদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যদি কোনো ক্রীড়াবিদ তার খেলার মান এবং পারফরম্যান্স সন্তোষজনক পর্যায়ে বজায় রাখতে পারেন, তবেই তিনি এই সুবিধা অব্যাহতভাবে পাবেন। পারফরম্যান্সে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।সব ক্রীড়াবিদের জন্য সমান মাসিক বেতন নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত বেতনের সুনির্দিষ্ট পরিমাণ জনসম্মুখে ঘোষণা করা হয়নি। 

সরকারিভাবে জানানো হয়েছে যে, বেতনের অংক চূড়ান্ত করার বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ এখতিয়ার হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে এবং উপযুক্ত সময়ে তিনি তা ঘোষণা করবেন। এই পদক্ষেপের ফলে দেশের উদীয়মান এবং অভিজ্ঞ খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তারা আরও মনোযোগের সঙ্গে বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই পুরো কার্যক্রমটি পরিচালিত হবে।