এপ্রিল ২, ২০২৬, ০৩:৫৬ পিএম
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপিকে সমর্থন ও সহযোগিতা করায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।সাক্ষাৎ শেষে পূজা উদযাপন পরিষদের নেতারা সাংবাদিকদের জানান, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তাঁরা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁদের কথা অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সাথে শুনেছেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তাঁদের ভাষায়, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে পরিষদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের বিষয়টি অন্যতম। জবাবে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা সমাধানের আশ্বাস দেন। এছাড়া জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে যোগ্য প্রতিনিধি রাখার জোরালো দাবি জানানো হয়েছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তাঁরা জানান, সাবেক সচিব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বর্তমান চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের প্রশাসনিক কাজকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমান সরকারের এমন উদার ও গণতান্ত্রিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন