শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রয়োজনে কুয়েতকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ১০:৩৪ এএম

প্রয়োজনে কুয়েতকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। 

সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে কুয়েত যদি প্রয়োজন মনে করে, তবে তাদের যেকোনো ধরনের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত হামাদাহ কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কুয়েতের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। 

এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যেকোনো সংঘাতের ক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের বিষয়ে বাংলাদেশের সুষ্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেন।আলোচনাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, আইসিটি এবং হালাল খাদ্য খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। 

বাংলাদেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশ কুয়েতি ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ ও ওআইসিসসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত হামাদাহ বাংলাদেশ ও কুয়েতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতে দুই দেশের এই ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এই বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে।