শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

হামের প্রকোপ: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

জাতীয় ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৪:৩৪ পিএম

হামের প্রকোপ: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

চিকিৎসকদের ছুটি বাতিল

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার ৩ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিশেষ অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে দেশের এই আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং চলমান হামের টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন দেশের সব পর্যায়ের চিকিৎসাকেন্দ্রের কর্মীদের অর্জিত ছুটি এবং নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 

মূলত ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বিশেষ টিকাদান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এই আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।হামের বর্তমান পরিস্থিতিকে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে বেশ কিছু জেলায় শিশুদের মধ্যে সংক্রমণের হার বাড়তে থাকায় প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

এই নির্দেশনার ফলে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকরা এখন সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থেকে আক্রান্তদের সেবা প্রদান করবেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে প্রতিটি সরকারি হাসপাতালকে এখন থেকে বাড়তি সতর্কতায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছুটির বিষয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।