বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

জাতীয় ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৬:৪৯ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এবং গত রোববার (৫ এপ্রিল) চালানো পৃথক দুটি অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিমানবন্দরের গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি চালানো হয়। দুবাই থেকে আসা তিনটি পৃথক ফ্লাইট যথাক্রমে এফজেড-৫০১, বিজি-১৪৮ এবং বিএস-৩৪২-এর মাধ্যমে আসা তিন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। 

তল্লাশিকালে তাঁদের ব্যাগ থেকে ১ হাজার ২৫৩ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট দেশে আনা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত রোববার (৫ এপ্রিল) অন্য এক অভিযানে দুবাই থেকে আসা ফ্লাইট এফজেড-৫২৩-এর একটি পরিত্যক্ত লাগেজ থেকে ২৪৪ কার্টুন সিগারেট জব্দ করা হয়। লাগেজটি বিমানবন্দরের ‍‍`লস্ট অ্যান্ড ফাউন্ড‍‍` বিভাগে রক্ষিত ছিল। মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ওই ব্যাগটি স্ক্যান করার পর ভেতরে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। দুই দিনের এই অভিযানে মোট ১ হাজার ৪৯৭ কার্টুন সিগারেট জব্দ করা হলো।

জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী আমদানি নীতি ভঙ্গ করে আনা এই সিগারেটগুলোর ওপর বড় অঙ্কের কর ফাঁকির প্রচেষ্টা ছিল। জব্দ করা সিগারেটগুলো পরবর্তী আইনি কার্যক্রম ও নিষ্পত্তির জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের প্রতিটি প্রবেশপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।