বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কৃষক কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না: প্রতিমন্ত্রী

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ১১, ২০২৬, ০২:২২ পিএম

কৃষক কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না: প্রতিমন্ত্রী

ছবি-দিনাজপুর টিভি

কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বা বৈষম্য বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। 

প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান যে প্রাকৃতিক দুর্যোগ যেমন কোনো দল বা ধর্ম চিনে আসে না, তেমনি সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রেও কেবল মানুষের অভাব ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে আগামী ১৪ এপ্রিল সারা দেশের মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় ২ হাজার কৃষককে বিশেষ কৃষি কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই আধুনিক কর্মসূচির উদ্বোধন করবেন। 

এই কার্ডের জন্য কৃষক নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন স্তরে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেছে। প্রতিমন্ত্রী বলেন কারা এই কার্ড পাচ্ছেন সেটি কেবল যোগ্যতার ভিত্তিতেই নির্ধারিত হয়েছে এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই।ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি নতুন তথ্য দিয়ে জানান যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের প্রত্যেক গৃহিণীকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। 

ইতোমধ্যে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে এবং আগামী আড়াই মাসের মধ্যে সারা দেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আগামী প্রজন্মের সুরক্ষায় কেবল প্রশাসন নয় বরং দল-মত নির্বিশেষে সব সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেশার ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই ত্রাণ সহায়তা প্রকৃত দুস্থদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন যারা পাওয়ার যোগ্য সেই মানুষটি যেন কোনোভাবেই বঞ্চিত না হয়। দলীয় পরিচয় দেখে ত্রাণ বিতরণের দিন শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। স্বচ্ছতা বজায় রেখে তৃণমূল পর্যায়ের মানুষের সেবা নিশ্চিত করাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য বলে তিনি অভিহিত করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। আরও ১৩০টি পরিবারের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং ৪৩০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। মূলত সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই প্রতিমন্ত্রী পঞ্চগড় সফর করছেন। স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।