এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৩৪ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার ১৩ এপ্রিল জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সুসম্পর্ক আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
মূলত বিদায়ী সাক্ষাৎ হলেও আলোচনায় দুই দেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন গঠনমূলক দিক উঠে আসে।সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা তুলে ধরেন।
তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে। স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে ভারত সরকার ও দেশটির জনগণ সর্বতোভাবে বাংলাদেশকে যে সহায়তা করেছে, তা দুই দেশের সম্পর্কের এক অটুট ভিত্তি তৈরি করে দিয়েছে। তিনি ভারতকে বাংলাদেশের সবচেয়ে নিকটতম ও অকৃত্রিম প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করেন।
স্পিকার আরও জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিবেশী দুই দেশের এই সহযোগিতার প্রতিফলন ঘটছে। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের অকুণ্ঠ সমর্থন প্রতিবেশীর প্রতি উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। বর্তমান সংসদ সম্পর্কে স্পিকার বলেন, এটি একটি অত্যন্ত প্রাণবন্ত সংসদ যেখানে বিরোধী দল অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। তাই সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের সেতুবন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময় এবং অভিজ্ঞতা আদান-প্রদান কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বা কানেক্টিভিটি এবং জনগণের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মত প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রণয় ভার্মা স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি ভারত সরকারের পক্ষ থেকে একটি বিশেষ সংবিধানের কপি ও শুভেচ্ছা স্মারক উপহার হিসেবে স্পিকারের হাতে তুলে দেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এই পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন