এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৫৬ পিএম
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আলোচনার মূল কেন্দ্রে ছিল বাংলাদেশ পুলিশের সংস্কার প্রক্রিয়া এবং নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা। এছাড়া অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
দুর্নীতি দমনের নতুন কৌশল এবং বাণিজ্য সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে গুরুত্বের সঙ্গে স্থান পায়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন আহমদকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় উল্লেখ করেন যে, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘকাল ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। বর্তমান সরকারের আমলে এই সম্পর্কের পরিধি আরও বাড়ানোর এবং বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করার বিষয়ে ইইউ যথেষ্ট আগ্রহী বলে তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন।পুলিশ সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান যে, বর্তমান সরকার একটি শক্তিশালী পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা এবং কারিগরি পরামর্শ বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে।
জবাবে রাষ্ট্রদূত জানান, ইইউ বাংলাদেশ পুলিশকে আধুনিক করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে কাজ করতে প্রস্তুত।বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সফল মডেল ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। এছাড়া দুর্নীতি দমনে একটি কার্যকর কৌশল প্রণয়ন এবং কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ইইউ’র সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করে নিয়মিত যোগাযোগ রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং ইইউ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন