বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১১:৫৯ এএম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি সড়কপথে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান। সেখানে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম এবং মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী স্থলবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর মন্ত্রী সরাসরি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে যান এবং সেখানকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি বন্দরের বিভিন্ন গুদাম, প্রশাসনিক ভবন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। 

এক পর্যায়ে তিনি বন্দর ভবনের ছাদে উঠে নাফ নদীর জলসীমা এবং সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দরের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়েছে। 

বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে গত কয়েক মাস ধরে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে যে স্থবিরতা বিরাজ করছে, সে সম্পর্কে তাকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। মন্ত্রী মনোযোগ সহকারে বন্দরের সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও লুৎফুর রহমান কাজল। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশরসহ স্থানীয় প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে আসেন মন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।