বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আগামীর কৃষি হবে সম্মানের ব্যবসা: কৃষিমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০২:০৯ পিএম

আগামীর কৃষি হবে সম্মানের ব্যবসা: কৃষিমন্ত্রী

কৃষক কার্ডের উদ্বোধন

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে দেশের কৃষি খাত আরও শক্তিশালী ও আধুনিক হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে আগামীর কৃষি আর কেবল বেঁচে থাকার অবলম্বন থাকবে না, বরং এটি একটি সম্মানের ব্যবসায় পরিণত হবে। 

মঙ্গলবার দুপুরে পহেলা বৈশাখের উৎসবে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশের প্রায় সত্তর ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটানো। কৃষকরা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, তখনই দেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। 

তিনি মনে করেন, এই ডিজিটাল কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সেবা পৌঁছানো সম্ভব হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।এর আগে টাঙ্গাইল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় চাষিদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথেই প্রযুক্তির সহায়তায় কৃষকদের অ্যাকাউন্টে সরকারি প্রণোদনার অর্থ পৌঁছে গেছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, পহেলা বৈশাখের এই শুভ দিনে কৃষকদের জন্য এটি একটি বড় উপহার, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ জোগাবে।

সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছে। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণের ভর্তুকি পাওয়া এখন অনেক সহজ হবে। স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি এটি কৃষি খাতের ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।