এপ্রিল ১৪, ২০২৬, ০২:৪৮ পিএম
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই সারাদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশকে মাদকমুক্ত করতে এই অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে মাদক ছাড়াও জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি ভয়ংকর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে সরকার নিবিড়ভাবে গবেষণা করছে এবং খুব দ্রুতই কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশের বিভিন্ন স্থানে অনলাইনে জুয়া পরিচালনার সিন্ডিকেট শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে বিশেষ সেল গঠন করার কথাও উল্লেখ করেন তিনি।
মানবপাচার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু অসাধু চক্র এই অপরাধের সঙ্গে জড়িত থাকায় এ অঞ্চলে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যেই সুসংগঠিত অভিযান পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি অপরাধ দমনে সাধারণ জনগণের তথ্য ও সচেতনতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠে উপস্থিত ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি ভর্তুকি ও অন্যান্য কৃষি সহায়তা পাবেন বলে জানানো হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল এবং আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন