বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কৃষিনির্ভর এলাকায় কলকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৩:০৬ পিএম

কৃষিনির্ভর এলাকায় কলকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষির সঙ্গে সরাসরি সম্পর্কিত কলকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতেই এই শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষি পণ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশীয় উদ্যোক্তারা বাংলাদেশে কোল্ড স্টোরেজ বা হিমাগার তৈরিতে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।

 দেশের কৃষিপণ্য পচন থেকে রক্ষা করতে এবং সারা বছর বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এই বিষয়ে অত্যন্ত উদ্যোগী হয়ে কাজ করছে। শিল্পায়নের এই প্রক্রিয়া সরাসরি গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, বর্তমানে আমরা দেশ পুনর্গঠনের একটি ক্রান্তিকাল পার করছি। বর্তমান সরকার জনগণের সরকার এবং আমাদের একমাত্র লক্ষ্য হলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। দেশের উন্নয়ন মানে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। সবাই নিজ দেশকে একটি উন্নত অবস্থানে দেখতে চায় এবং সেই লক্ষ্য অর্জেনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাকে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং বাকিরা পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। বাংলাদেশের প্রধান পেশা কৃষি। বিএনপি সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কৃষক যদি ভালো থাকে, তবেই বাংলাদেশ ভালো থাকবে। এই অঙ্গীকারের অংশ হিসেবেই ১০টি বিশেষ সুবিধা সংবলিত ‘কৃষক কার্ড’ আজ প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরাসরি সার, বীজ ও ঋণের মতো সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন চাষিরা।