এপ্রিল ১৭, ২০২৬, ০৯:৫২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করবেন। শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বলে সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য হজযাত্রীদের প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে আগামীকাল শনিবার রাত ১২টা ২০ মিনিটে।
৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার সুযোগ পাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং অবশিষ্ট ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে অংশ নেবেন।
উদ্বোধনী দিনেই সব মিলিয়ে মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি এবং বাকি আটটি ফ্লাইটের মধ্যে চারটি পরিচালনা করবে সৌদিয়া ও চারটি ফ্লাইনাস এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ যাত্রী পরিবহন করবে সৌদিয়া এবং ১৫ শতাংশ পরিবহন করবে সৌদি আরবের অপর বিমান সংস্থা ফ্লাইনাস।
পুরো হজ মৌসুমে মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। প্রি-হজ ফ্লাইটের এই প্রক্রিয়া চলবে আগামী ২১ মে পর্যন্ত।হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে ১ জুলাই পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবারও বাংলাদেশ প্রান্তেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই কার্যক্রমের উদ্বোধন করায় হজ ব্যবস্থাপনায় বিশেষ গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের সাথে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন