রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৮:৫৫ পিএম

সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

চবিতে অর্থমন্ত্রী আমির খসরু

বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেছেন, দেশের এই অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে কিংবা বিশৃঙ্খলা করবে, তাদের কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কেবল পড়াশোনা ও জ্ঞান অর্জন করবে। এখানে কোনোভাবেই রাজনৈতিক দলীয়করণের সুযোগ নেই। 

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পাসে বাইরের কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি যাতে প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা রক্ষায় ছাত্রছাত্রীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি জোর দেন।

এ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে এই সংকটের প্রভাব অনেক দেরিতে এবং সামান্য পরিমাণে পড়েছে। তিনি উদাহরণ টেনে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতসহ পাশ্চাত্যের দেশগুলো জ্বালানির দাম কয়েক গুণ বাড়ালেও বাংলাদেশ সরকার সাধারণ কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত মানুষের কথা চিন্তা করে অনেক দেরিতে তেলের দাম সামান্য বাড়িয়েছে। অনেক দেশে এই সংকটের কারণে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে, কিন্তু সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে তেমন কোনো বড় সংকট তৈরি হয়নি।

সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে আমির খসরু বলেন, সব সমাজেই কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল নেই। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনের ঊর্ধ্বে গিয়ে কেউ পার পাবে না বলে তিনি পুনরায় সতর্ক করে দেন। অর্থমন্ত্রী বিশ্বাস করেন, সঠিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারের এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সক্ষম হবে।