মে ২, ২০২৬, ০৫:৩৭ পিএম
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী এবং তাঁরা প্রতিটি ঘরে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার কাজ করবেন। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, নতুন করে নিয়োগ দেওয়া এই স্বাস্থ্যকর্মীদের মূল দায়িত্ব হবে গ্রামে গ্রামে প্রতিটি ঘরে গিয়ে মানুষের স্বাস্থ্যগত অবস্থা তদারকি করা। বিশেষ করে গ্রামের নারীদের সচেতন করার ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।
কোন ধরনের খাবার খেলে ডায়াবেটিস বা কিডনি রোগ হবে না এবং লাইফস্টাইল কেমন হলে হৃদরোগের ঝুঁকি কমবে, সেই বিষয়গুলো স্বাস্থ্যকর্মীরা মানুষকে বোঝাবেন। সারা দেশের মানুষকে সুস্থ রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।সিলেট নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে নদী ও খাল খননকে প্রধান উপায় হিসেবে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সিলেটে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে যাচ্ছে। বর্তমানে পানির বড় অংশই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হচ্ছে, যার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বর্ষার পানি ধরে রাখতে খাল খনন করার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।নদী দূষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নদীতে জমে পানির প্রবাহ বাধাগ্রস্ত করছে। বুড়িগঙ্গার পানি এরই মধ্যে বিষাক্ত হয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
বিশেষ করে স্কুল পর্যায়ে শিশুদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিতে সিটি করপোরেশনগুলোকে নির্দেশনা দেন তিনি।সড়ক ও রেল যোগাযোগ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ঢাকা থেকে সিলেট সড়কপথে যেতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়, যা অগ্রহণযোগ্য। কৃষি জমি নষ্ট না করে বিদ্যমান সড়কপথের উন্নয়নের পাশাপাশি দ্রুততম সময়ে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর পার উন্নয়নে সিলেট সিটি করপোরেশনের ৪ হাজার ৬৩৬ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে এই প্রকল্প শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন