বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কোরবানির ঈদে ভারত থেকে গরু আমদানির অনুমতি নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০৮:২২ পিএম

কোরবানির ঈদে ভারত থেকে গরু আমদানির অনুমতি নিয়ে যা জানাল মন্ত্রণালয়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে গবাদিপশু বা গরু আমদানির অনুমতিপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য ভুয়া বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে প্রচারিত ওই অনুমতিপত্রটি প্রাথমিক যাচাইয়ে ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি বলে প্রতীয়মান হয়েছে। প্রচারিত নথির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা দাপ্তরিক প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি। 

এ ছাড়া নথিতে ব্যবহৃত তথ্য, স্মারক নম্বর ও স্বাক্ষরও যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, প্রাণিসম্পদ অধিদপ্তর এ ধরনের কোনো অনুমতিপত্র ইস্যু করেনি। 

সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো আর্থিক লেনদেন বা সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া এসব ডিজিটাল নথি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি চক্র পরিকল্পিতভাবে এই ভুয়া নথি অনলাইনে ছড়িয়েছে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের জন্য কেবল প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।