বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

এসএসএফ সদস্যের ধাক্কার ঘটনায় আমানের স্ট্যাটাস

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৬, ০৮:১১ পিএম

এসএসএফ সদস্যের ধাক্কার ঘটনায় আমানের স্ট্যাটাস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি কর্মশালা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাতায়াতের পথে নিরাপত্তা বাহিনীর ধাক্কা দেওয়ার ঘটনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার সময় এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই বিষয় নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আমানউল্লাহ আমান। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, যার নির্দেশে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল আপসহীন ছিল, সেই নেতা তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা পরমানন্দের বিষয়। 

তিনি আরও জানান, তারেক রহমান তাদের কাছে যেমন আবেগের জায়গা, তেমনি তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তার নিরাপত্তা দেশের সার্বভৌমত্বের জন্য অপরিহার্য।

আমানউল্লাহ আমান বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে এ ধরনের অনেক ঘটনা ঘটে থাকে। কোনো একজনের পেশাদারিত্বের ঘাটতি থাকতে পারে তবে তিনি নিশ্চিত যে, ওই এসএসএফ সদস্য এটি ইচ্ছা করে করেননি বরং এটি উপচেপড়া ভিড়ের মধ্যে ‘হিট অব দ্য মোমেন্ট’ ছিল।ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে পতিত ফ্যাসিবাদের দোসররা মজা নিচ্ছে। আমান মনে করেন, তাদের পরচর্চা ও পরনিন্দা ছাড়া কোনো কাজ নেই। 

তিনি উল্লেখ করেন, তারেক রহমানের জন্য তিনি সবকিছু উজাড় করে দিতে এবং যেকোনো অপমান সইতে রাজি আছেন।স্ট্যাটাসের শেষে আমানউল্লাহ আমান স্পষ্ট করে বলেন, কোনো ধরনের ‘বস্তাপঁচা ন্যারেটিভ’ দিয়ে তাকে তার নেতার পাশ থেকে সরানো যাবে না। তিনি আমৃত্যু তারেক রহমানের পাশে ভ্যানগার্ড হয়ে থাকবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির কর্মশালা শেষে প্রধানমন্ত্রীর বের হওয়ার সময়কার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই আলোচনার সৃষ্টি হয়।