শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ১১:১৯ এএম

সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা সৌদির বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেন। আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের ২৮তম দিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। 

এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হলেও জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছর হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার  ৯৩৫ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবার হজের জন্য ৩০টি লিড এজেন্সিকে অনুমোদন দিয়েছে। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় এবং এই প্রক্রিয়া আগামী ২১ মে পর্যন্ত চলবে।