বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ঈদ উপহার দেবে বাংলাদেশ বিমান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:৫৫ পিএম

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ঈদ উপহার দেবে বাংলাদেশ বিমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার ও খাবারের আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীসেবার মান উন্নয়ন ও ভ্রমণকে আরও আনন্দময় করার লক্ষ্যে সংস্থাটি এই উদ্যোগ নিয়েছে। 

আজ রোববার রাজধানীর বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।ঈদের দিন আন্তর্জাতিক বহির্গমন ফ্লাইটের যাত্রীদের এই উপহার দেওয়া হবে।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ উপহার সামগ্রী বিক্রয়সিসির মহাব্যবস্থাপকের কাছে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ এবং পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যাত্রীদের পাশাপাশি কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও এদিন বিশেষ খাবারের আয়োজন রাখা হয়েছে।

ফ্লাইট চলাকালীন সময়েই উৎসবের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন যাত্রীরা।সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও ঈদের দিন বিশেষ খাবার পরিবেশন করা হবে। যাত্রীসেবার পরিধি বাড়ানো ও মান উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বিমানের শীর্ষ কর্মকর্তারা। আশা করা হচ্ছে, এই আয়োজন যাত্রীদের ভ্রমণে বাড়তি সন্তুষ্টি যোগাবে।