মে ২৫, ২০২৬, ১০:০৪ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নজরুলের চির-অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর অমর সৃষ্টিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের পাথেয় হিসেবে উল্লেখ করেন।
কবিকে বাংলা কাব্য-সংগীতের ধুমকেতু হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ইতিহাসের প্রতিটি সংকটে নজরুলের চেতনা ও সাহিত্য সাহস জুগিয়েছে।নজরুলের আদর্শে জাতিকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বাণীতে উল্লেখ করেন, পরাধীন জাতির ভাগ্যাকাশে কাজী নজরুল ইসলাম ছিলেন আলোকবর্তিকার মতো। তিনি কেবল কবি বা সাংবাদিক ছিলেন না, বরং ছিলেন এমন এক বিদ্রোহী সত্তা—যিনি শোষন, বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
মুক্তিযুদ্ধে ও জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর সাহিত্যকর্ম ছিল আমাদের আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস।বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা।নজরুল কেবল বাঙালি জাতির কবি নন, তিনি বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের আত্মার আত্মীয় বলে বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি সবাইকে দলমত নির্বিশেষে বাংলাদেশকে ধারণ করে স্বাধীনতাকে অর্থবহ করার আহ্বান জানান। ক্ষুধা, দারিদ্র্য ও বিভেদের গ্লানি মুছে ফেলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাতৃভূমিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।প্রধানমন্ত্রী কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন