মে ২৬, ২০২৬, ০৮:০৫ পিএম
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বৃষ্টির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন ব্যাহত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী পরিস্থিতির কারণে সূচি পরিবর্তন করতে হয়েছে।
একই সাথে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ নির্ধারিত সময়ে চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে।
পরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে এটি বেলা ২টা ১ মিনিটে চট্টগ্রামে পৌঁছায় এবং পরবর্তীতে ঢাকায় ফিরে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটেও সাড়ে চার ঘণ্টার বেশি বিলম্ব হয়েছে। এছাড়া ইউএস-বাংলার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে।
যাত্রীরা তাদের পরবর্তী সংযোগ ফ্লাইট ধরতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।আমবাগান আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফ্লাইট বিপর্যয়ের কারণে অনেক যাত্রী তাদের গন্তব্যের পরবর্তী ফ্লাইটগুলো ধরতে পারেননি।বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন