বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে

জাতীয় ডেস্ক

মে ২৯, ২০২৬, ১০:৪১ এএম

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। 

ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছালে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সেটি গ্রহণ করেন।বিমানবন্দরে নিহতের স্বজনদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত প্রবাসীর প্রতি গভীর শোক ও সম্মান জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। দাফন-কাফনের জরুরি খরচ মেটানোর জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। 

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নলি মিয়ার সন্তান ছিলেন।জীবিকার সন্ধানে ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে। 

বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় এই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।গত ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়েছিল। পরে তুরস্কে দীর্ঘ ট্রানজিট শেষে আজ সকালে ঢাকায় পৌঁছায়। গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রের মাধ্যমে মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।