জুন ৪, ২০২৬, ১০:০১ এএম
আজ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন। তাঁকে বহনকারী বিমানটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।গোপন ব্যালটে পড়া ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারান তিনি।
তাঁর এই বিজয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা থেকে অভিনন্দন বার্তার স্রোত বইছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং চীনা দূতাবাস এটিকে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে। চীন আশা করে, নতুন সভাপতি সব সদস্যরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তাঁকে `ভাই` সম্বোধন করে শান্তি ও উন্নয়নে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীও অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই অর্জনকে সমগ্র অঞ্চলের জন্য এক গৌরবের মুহূর্ত বলেছেন।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, ড. খলিলুর রহমানের রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা থেকে সবাই ব্যাপকভাবে উপকৃত হবে। আফ্রিকান ইউনিয়ন তাদের বার্তায় একে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেছে, এই জয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও বাড়াবে।
আগামী সেপ্টেম্বরে তিনি এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করবেন।নিউইয়র্কে নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমান জানান, সাধারণ পরিষদের আগামী অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এ সময় জাতিসংঘ সংস্কার, পরবর্তী মহাসচিব নির্বাচন এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার মতো বড় বিষয়গুলো সামনে আসবে। তিনি বিনম্রতার সঙ্গে দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন ও ঐক্য তৈরির অঙ্গীকার করেছেন।
বিশ্বের বহুমুখী সংকট মোকাবিলায় তিনি শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু সহনশীলতা ও মানবাধিকারসহ ছয়টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র ঘোষণা করেছেন। পাশাপাশি ডিজিটাল শাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জাতিসংঘের আশি বছর পূর্তি উপলক্ষে বহুপাক্ষিক সংস্কারের দিকেও তিনি জোর দেবেন।
ড. খলিলুর রহমান বলেছেন, তিনি সব সদস্যরাষ্ট্রের সভাপতি হবেন। নিরপেক্ষতা বজায় রেখে জাতিসংঘের সনদ ও পদের আচরণবিধি পুরোপুরি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এই নবনির্বাচিত সভাপতি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন