বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা বেআইনি: শিশির মনির

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৩:০৮ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা বেআইনি: শিশির মনির

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শনিবার তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জবাব দেওয়ার আগেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা সম্পূর্ণ বেআইনি বা আনলফুল। 

তিনি বলেন, হাসপাতালের পক্ষ থেকে রবিবার বিকেল পাঁচটার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে নোটিশের জবাব প্রদান করা হবে।লাইসেন্স বাতিলের হুমকিকে তিনি বেআইনি বলে আখ্যা দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের সারমর্ম নিয়ে শিশির মনির বলেন, সেখানে অক্সিজেন স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের কথা বলা হলেও কোনো সুনির্দিষ্ট তথ্য বা ব্যাখ্যা নেই। অক্সিজেনের মাত্রা ঠিক থাকলে কতটুকু কমলে শিশুর মৃত্যু হতে পারে, তার ব্যাখ্যা রিপোর্টে অনুপস্থিত। তিনি মনে করেন, প্রতিবেদনে অস্পষ্টতা রয়েছে যা গ্রহণযোগ্য নয়।

ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতালটি বন্ধ করার পক্ষে নয়।সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মৃত এক শিশুর বাবা হাবিবুর রহমান জানান, তারা দোষীদের শাস্তি চান, তবে হাসপাতাল বন্ধের পক্ষপাতি নন। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্তে হাসপাতালের অবহেলা পাওয়া গেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতাল কর্তৃপক্ষ আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।মেডিকেল বিধান লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পেয়েছিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ। এখন আইনি ও দাপ্তরিক প্রক্রিয়ায় পুরো বিষয়টি সুরাহা করার চেষ্টা করছে তারা।