জুন ৮, ২০২৬, ০৩:৫০ পিএম
আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে সরকার বিন্দুমাত্র পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করার জন্য সরকার আইনজীবী নিয়োগ করবে।
আদ্-দীন হাসপাতাল কর্তৃপক্ষ যদি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ক্ষতিপূরণ বিষয়ে সমঝোতা করে, তাতে সরকারের কোনো আপত্তি নেই। তবে এতে হাসপাতালটির বিরুদ্ধে সরকারের নেওয়া আইনি সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।
হামের টিকা ও ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের সময় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় হামে অনেক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমান সরকার এখন হাম নির্মূলে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন মজুত রাখা হয়েছে।
দেশে ওষুধ রপ্তানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আদ্-দীনের মতো স্পর্শকাতর বিষয়ে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে তিনি পুনরায় উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন