জুন ৯, ২০২৬, ১০:৩৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের একনেক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে। এর মধ্যে অন্যতম আলোচিত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। ৮০০ একর জমির ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পের জন্য ৪ হাজার ১৯০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
প্রকল্পটি অনুমোদিত হলে ১ লাখ কর্মসংস্থান এবং ৫০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের আশা করা হচ্ছে।প্রকল্পটির অর্থায়নে সরকারি নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। কর্ণফুলি নদীর মোহনার কাছে অবস্থিত এই প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ সাল পর্যন্ত।
প্রসঙ্গত, মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি বাতিলের পর সরকারের নতুন এই উদ্যোগ দেশের শিল্পায়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সভার সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন