জুন ২৬, ২০২৬, ০২:৪৫ পিএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক নাইন এমএম পিস্তল দেওয়ার লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
মাঠপর্যায়ে মাদক মাফিয়াদের বিরুদ্ধে শক্ত লড়াইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অস্ত্র নয়, এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব হাজতখানা, অপরাধী শনাক্তে প্রশিক্ষিত ডগ স্কোয়াড এবং প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য উন্নত ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও অনুমোদন বা প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মামলা জট ও বিচারহীনতার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, বিচারকের স্বল্পতার কারণে শুধু ঢাকাতেই মাদকের প্রায় ৮০ হাজার মামলা ঝুলে রয়েছে। এসব মামলা দ্রুত শেষ করতে সরকার বিশেষ আদালত গঠনের পাশাপাশি মামলার সংখ্যা ও গুরুত্ব বিবেচনা করে দ্রুত নিষ্পত্তির বিশেষ উদ্যোগ নেবে। একই সাথে ব্রিটিশ আমলের পুরোনো জুয়া আইনের সংস্কার এবং সাইবার অপরাধ দমনে সাইবার আইনগুলোকে আরও কঠোর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, কর্মকর্তাদের প্রয়োজনীয় আধুনিক অস্ত্র ও যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে মাদকের বিরুদ্ধে অভিযানের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন