জুন ২৮, ২০২৬, ০৭:০১ পিএম
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে অক্সিজেনের অভাব এবং চরম অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি এই কথা বলেন।বেসরকারি এই হাসপাতালটিকে শৃঙ্খলার মধ্যে আনতেই সরকার সাময়িকভাবে এর লাইসেন্স স্থগিত করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে যখন শিশুরা বাঁচার জন্য ছটফট করছিল, তখন সেখানে কোনো অক্সিজেন ছিল না। এমনকি কক্ষের এসি বন্ধ করে দেওয়া হয়েছিল, জানালা ও কাচ বন্ধ থাকায় ঘরটিতে তীব্র কার্বন ডাই-অক্সাইডের সৃষ্টি হয়। মায়েরা কাঁদলেও তখন কোনো ডাক্তার সেখানে আসেননি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সম্পূর্ণভাবে হাসপাতালের মালিকপক্ষ দায়ী এবং তাদের চরম অবহেলার কারণেই শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
মন্ত্রী আরও জানান, যে ভবনে হাসপাতালের অনুমতি নেওয়া হয়েছে, তার ষষ্ঠ তলায় একটি বেকারি কারখানা গড়ে তোলা হয়েছে। সেখান থেকে নির্গত বর্জ্য ও গন্ধ পরিবেশ দূষিত করছে, যা যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি স্পষ্ট করেন যে সরকার হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করেনি, কেবল লাইসেন্স স্থগিত করেছে। দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেকোনো হাসপাতালের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, বাংলাদেশে স্বাস্থ্যсеবার মোট খরচের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়, যেখানে থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ। তবে এবারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সরকার এখন ভাঙা স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করতে চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ এবং গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন