জুলাই ২, ২০২৬, ০৭:৫৪ পিএম
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ছয় মাস, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান মুনাফার হারই কার্যকর থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব ফারহানা জাহান উপমা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
চলতি মাসের ১ তারিখ থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সঞ্চয় স্কিমগুলোতে যে সুদহার ছিল, আগামী ডিসেম্বর পর্যন্ত তা-ই বহাল থাকবে। এর ফলে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পেতে থাকবেন। স্কিমভেদে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত বজায় থাকবে। সরকার মূলত বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ছয় মাস পরপর এই হার পুনর্নির্ধারণের নীতি মেনে চলে।
গত মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার নতুন করে পুনর্নির্ধারণ করা হচ্ছে না। প্রজ্ঞাপনে সেই ঘোষণারই প্রতিফলন ঘটেছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে সরকার বাজারদরের সাথে সমন্বয় করে মুনাফার হার কিছুটা হ্রাস করেছিল।
বিনিয়োগকারীরা এখন পূর্বের নির্ধারিত হার ও শর্ত মেনেই সঞ্চয়পত্র কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটি বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন