বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:২৩ পিএম

ইরানে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার নিহত নেতার বিদেহী আত্মার জন্য দোয়া করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।এর আগে তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে হাফিজ উদ্দিন আহমদ ইরানের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়াও স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়া মন্ত্রী ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। দুই দেশের মধ্যে খেলাধুলার প্রসারে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলে স্পিকার তা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানোর আশ্বাস দেন।সফরকালে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগে সাক্ষাৎকারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন।