শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মাদকের বিরুদ্ধে নিজেই মাঠে নামলেন ত্রাণমন্ত্রী

জিন্নাতুল ইসলাম জিন্না

জুলাই ৫, ২০২৬, ১০:১১ পিএম

মাদকের বিরুদ্ধে নিজেই মাঠে নামলেন ত্রাণমন্ত্রী

ছবি : দিনাজপুর টিভি

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে কঠোর অবস্থানে নেমেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রোববার দিনব্যাপী নিজ হাতে অভিযানের নেতৃত্ব দিয়ে লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে ১৫ জন মাদকসেবীকে আটক করেছেন তিনি। মন্ত্রীর এই সাহসী পদক্ষেপে জেলার মাদক কারবারি ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে শনিবার বিকেলে লালমনিরহাটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট-এর যাত্রা শুরু হয়। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। উদ্বোধনের ২৪ ঘণ্টা না পেরোতেই মন্ত্রী নিজেই সংগঠনের ব্যানারে মাঠে নেমে প্রমাণ করলেন যে তিনি কেবল আশ্বাসে নয়, বরং বাস্তবায়নেও বিশ্বাসী।

রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চইলতার তল এলাকায় অভিযানের সময় তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোগলহাট ও কুলাঘাটসহ জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতদের বেশিরভাগই জেলার বাইরের বাসিন্দা।

অভিযান শেষে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটের পরিবেশ যারা নষ্ট করছে এবং বাইরে থেকে এসে যারা মাদকের মরণ নেশা ছড়াচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি তারা একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চান। এটি কেবল একটি অভিযান নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আগামী দিনে বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতির মতো ব্যাধিগুলোও নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ প্রসঙ্গে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, মন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।