জুলাই ৬, ২০২৬, ০৬:৩৬ পিএম
শিক্ষকরা যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ পেশায় যুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যে সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান যুগে শিক্ষাব্যবস্থা আর পুরোনো গতানুগতিক ধারায় চলতে পারে না। নায়েমের বিদ্যমান দুর্বলতাগুলো যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নেও সরকার কাজ করছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে নায়েমের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। শিক্ষামন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি আশ্বাস প্রদান করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ শিক্ষকই আধুনিক জাতি গঠনের মূল কারিগর। তাই প্রতিটি বুনিয়াদি প্রশিক্ষণ যেন বাস্তবভিত্তিক ও কার্যকর হয়, সে বিষয়ে প্রশিক্ষকদের নির্দেশনা দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন