জুলাই ৮, ২০২৬, ০৮:১০ পিএম
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এক জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। পাচারকৃত অর্থ উদ্ধারে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে `নো উইন নো ফি` শর্তে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ, টাকা উদ্ধার হলে তবেই প্রতিষ্ঠানগুলো ফি পাবে।
তিনি জানান, এ পর্যন্ত প্রাপ্ত ১১টি মামলার মধ্যে প্রথম ধাপে ৬টি মামলায় সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ এবং ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ব্যাংক লুটেরাদের শনাক্ত করতে বিশেষ ফরেনসিক অডিট চালানো হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারা অনুযায়ী, দায়ী ব্যক্তিদের দেশি-বিদেশি সম্পত্তি ও তহবিল নিলাম বা বিক্রয় করে গ্রাহকের টাকা উদ্ধারের প্রক্রিয়াও চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন