বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণ ও খাল খনন জরুরি: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৪:৪০ পিএম

জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণ ও খাল খনন জরুরি: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে, তা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাস্তুতন্ত্রের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদ বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত।

তিনি পরিবেশ মেলা ও বৃক্ষমেলার আয়োজনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। তবে তিনি গুরুত্বারোপ করেন যে, ইচ্ছেমতো গাছ রোপণ করলেই হবে না, বরং কোন পরিবেশে ও কোন প্রকারের মাটিতে কোন প্রজাতির গাছ প্রয়োজন, তা গবেষণার দাবি রাখে। 

তিনি ইউক্যালিপটাস বা আকাশমণির মতো দ্রুত বর্ধনশীল গাছের বদলে ওষুধি, অর্কিড, বাঁশজাতীয়, ফলদ ও বিপন্ন দেশীয় প্রজাতির গাছ রোপণে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, গাছ রোপণের পাশাপাশি রোপিত গাছটি নিরাপদে বেড়ে উঠছে কিনা, তা নিশ্চিত করা বেশি জরুরি।

জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং প্রতিদিনের বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবেশকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে। দেশের কৃষি সেচ সুবিধা নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের কাজ শুরু করেছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং প্লাস্টিক বর্জ্য কমাতে সরকার থ্রিআরএস নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।