জুলাই ১২, ২০২৬, ১২:১৯ পিএম
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদ ভবনের নির্ধারিত চত্বরেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতি বিবেচনায় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক এক শোক বার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের আকস্মিক প্রয়াণে সংসদীয় অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অসামান্য অবদানের কথা স্মরণ করছেন দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। জানাজার পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সংসদ প্রাঙ্গণে তাঁর দাফন সম্পন্ন হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন