বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জাতীয় ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৩:০৭ পিএম

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর এই জানাজা সম্পন্ন হয়। এতে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আবহাওয়ার কারণে এই প্রবীণ রাজনীতিবিদের মরদেহ তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে দ্বিতীয় জানাজা এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সংসদ ভবনের নির্ধারিত চত্বরেই তাঁকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতেই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন এবং ১৯৬০ সালে আইন পেশায় নিজেকে যুক্ত করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বিভিন্ন মেয়াদে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সমকালীন রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বদা সমাদৃত ছিলেন।